:: নিজস্ব প্রতিবেদক ::
কয়েক মাস আগে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এবার তার স্বামী ও ঢালিউড তারকা অনন্ত জলিলও একই ইঙ্গিত দিয়েছেন।
‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ বর্তমানে ৭০ শতাংশ শেষ হয়েছে বলে জানান অনন্ত জলিল। ছবিটি শিগগিরই মুক্তি পাবে। তবে এর পর হাতে থাকা কাজগুলো শেষ করে চলচ্চিত্রকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে— এটা ভালো দেখায় না।” তিনি জানান, বড় ছেলে ইতোমধ্যে ৮ পারা হাফেজ হয়েছে এবং ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কুরআন খতম দিয়েছে। সন্তানদের জন্যই তিনি ও বর্ষা অনেক আগে থেকে মুফতি বানানোর নিয়ত করেছিলেন। ভবিষ্যতে তাদের মদিনায় পড়াশোনার পরিকল্পনাও রয়েছে।
স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্ত বলেন, “যেহেতু ওরা ইসলামিক ও জেনারেল— দুই ধরনের পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা ভালো লাগবে না। আমিও চাই না, তারা ইসলামিক শিক্ষা নেবে আর আমি সিনেমায় থাকি।” হাতে থাকা প্রকল্পগুলো শেষ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানান এ অভিনেতা।
আপনার মতামত লিখুন :