সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ: নেপালকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভুটান, চাংলিমিথাং স্টেডিয়াম: সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা জয়ের ধারায় ফিরে এসেছে। ভারতের বিপক্ষে পরাজয়ের পর আজ নেপালের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হয় অপির্তা বিশ্বাসরা।

বাংলাদেশের দুটি গোল আসে প্রথমার্ধে। ৪১ মিনিটে কর্নার থেকে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে নেপালের জালে বল জড়ান। চার মিনিটের মধ্যে মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দ্বিতীয় গোল করেন।

বিরতির পর নেপাল আক্রমণে মরিয়া হলেও বাংলাদেশের ডিফেন্স সফলভাবে সব সুযোগ রোধ করে। ৬২ মিনিটে নেপালের দুই ফরোয়ার্ড গোলমুখে সুযোগ নষ্ট করে।

৮০ মিনিট ও ইনজুরি সময়ে সুরভী আকন্দ প্রীতি দুটি শট বারে লেগে গোলবঞ্চিত হন। ৮৫ মিনিটে থৈনু মারমার শটও পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশকে আরও একটি গোল এনে দেন।

চ্যাম্পিয়নশিপটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারিয়েছে, তবে ভারতের বিরুদ্ধে হেরেছে। আগামী ম্যাচগুলোও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টের দল চ্যাম্পিয়ন হবে।