নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি ঢোকার সময় আওয়ামী লীগ সমর্থকেরা পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং ডিম নিক্ষেপ করেন। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, স্বৈরশাসনের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই আজকের এ ধরনের প্রতিবাদ অস্বাভাবিক নয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম প্রবাসীদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, জুলাই আন্দোলনের সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। তিনি স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের অংশ নন; বরং দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পক্ষে।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ভারতীয় টেলিভিশন ও গণমাধ্যম বন্ধের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, কোনো কিছু বন্ধের পক্ষে নন; বরং বিকল্পের পক্ষে।

অনুষ্ঠান শেষে একদল বিক্ষোভকারী বাইরে অপেক্ষা করছিল। পরিস্থিতি মোকাবিলায় কনস্যুলেট কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পাহারায় রাত ১২টার পর মাহফুজ আলম কনস্যুলেট ভবন ত্যাগ করেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় সফরে আগামী ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।