সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ২২২ জন প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে ৪ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৭৮৬ জন এবং অবৈধভাবে সৌদি আরব ছাড়তে চাওয়ার সময় আরও ৩৩ জন আটক হন।
অভিযানে প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ ও ২ হাজার ৫০২ জন নারী।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার এ বিষয়ে সতর্কতা জারি করে আসছে।
উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবেই অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানের খবর প্রকাশ করছে।
আপনার মতামত লিখুন :