শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগে সাড়ে ৮ কেজি কোকেন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, আটককৃত যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল, তিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার বলেন, সোমবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) শাহজালালে নামেন ওই যাত্রী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থান নেয় শুল্ক গোয়েন্দারা। উড়োজাহাজটি শাহজালালের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হলে যাত্রীর আসন নম্বর ৩০-এ গিয়ে ক্যারেন পেটুলা স্টাফলর পরিচয় নিশ্চিত করা হয়।

ইমিগ্রেশন শেষ করার পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়। সেখানে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় এগুলো কোকেন বলে নিশ্চিত করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাবে, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।