ভারতের ব্যবসায়ীরা ট্রাম্পের শুল্কে দিশেহারা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ বাণিজ্য শুল্কের প্রভাবে ভারতের তামিলনাড়ুর তিরুপ্পুরে অবস্থিত গার্মেন্ট শিল্পে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। এন কৃষ্ণমূর্তির কারখানায় প্রায় ২০০টি সেলাই মেশিনের মধ্যে কাজ করছে মাত্র কয়েকজন শ্রমিক। মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর গ্রাহকরা অর্ডার বন্ধ করে দিয়েছে, ফলে নতুন নিয়োগকৃত কর্মীরাও বসে থাকছেন কাজ ছাড়াই।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞার সমতুল্য। এতে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার ঝুঁকি রয়েছে। টেক্সটাইল, সামুদ্রিক খাবার ও গহনা খাতের রপ্তানিকারকরা ইতিমধ্যেই ক্রয়াদেশ হারানোর শঙ্কা ব্যক্ত করেছেন। ভারতের জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ১ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ভারত সরকার রপ্তানিকারকদের জন্য ২৮০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ভারত BRICS অংশীদার ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গভীর করার চেষ্টা করছে।