জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার সাবেক পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই প্রতিভাবান কবি। জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠা নজরুল অল্প সময়ের সাহিত্যজীবনেই রেখে গেছেন অমূল্য সৃষ্টি।

মাত্র ২৩ বছরের সাহিত্যকর্ম দিয়েই নজরুল বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেন। তাঁর কবিতা, গান ও রচনা যুগে যুগে মানুষকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে জাগ্রত করেছে এবং মুক্তির পথ দেখিয়েছে। একইসঙ্গে প্রেম ও মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি। নিজেই বলেছিলেন—“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য।”

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে ১৯৭২ সালে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ধানমন্ডিতে তাঁর জন্য রাষ্ট্রীয় বাসস্থানের ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে তাঁকে সম্মানসূচক ডি-লিট প্রদান করে। ১৯৭৬ সালে নাগরিকত্ব ও একুশে পদক পান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।