জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে বৈষ্ণোদেবী মন্দিরের কাছে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে আছে। ইতোমধ্যে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ২৩ জনকে এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুরে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূন্যার্থীদের মধ্যে। দুর্ঘটনার পরপরই মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। পরে এনডিআরএফ ও সিআরপিএফের সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন। টানা বৃষ্টির কারণে জম্মু-কাশ্মিরজুড়ে একাধিক স্থানে ভূমিধস ও হড়পা বানের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু’-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে আরও ভূমিধস ও হড়পা বানের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা স্থগিত করা হয়েছে। এনডিআরএফ কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হলেও সবাইকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :