পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ভোট অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ থেকে ৪ সেপ্টেম্বর, আর বাছাই অনুষ্ঠিত হবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, আপত্তি নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৬ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি ও নিরাপত্তা বিষয় এবং প্রার্থীদের ডোপ টেস্ট সম্পাদনের জন্য সময়ের কারণে নির্বাচন পেছানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা কোনো দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। কমিশনের সভায় বিষয়টি গ্রহণ করা হয়েছে।”

নির্বাচন সংক্রান্ত মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।