জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আটজন নেতা ঢাকা থেকে চীনের চারদিনের সফরে রওনা দিয়েছেন। তারা মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের সঙ্গে সফরে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
সফরের সময় তারা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং শিল্প কারখানা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। এর আগে, ২১ আগস্ট ঢাকা চীনা দূতাবাসে এই প্রতিনিধিদলের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :