সাবিনা ইয়াসমিনকে নিয়ে ডকুফিল্ম ‘জুঁই ফুল’: বিশেষ প্রদর্শনীতে আবেগঘন মুহূর্ত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন নিজের উপর নির্মিত ডকুফিল্ম দেখে আবেগাপ্লুত হয়ে বলেন,
“অনুভূতি প্রকাশ করতে পারছি না। কীভাবে প্রকাশ করবো! শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর একটি ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতটা দারুণ আর গোছানো হবে ভাবিনি।”

গত ২৬ আগস্ট বিকেলে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ডকুফিল্মটির নির্মাতা শাইখ সিরাজ ও শিল্পী সাবিনা ইয়াসমিন। প্রদর্শনীর আগে লালগালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।

‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’ ডকুফিল্মে উঠে এসেছে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাঁর দীর্ঘ সংগীতযাত্রা, সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় গল্প। তিন ধাপে নেয়া সাক্ষাৎকারের সমান্তরাল সম্পাদনায় ফুটে উঠেছে শিল্পীর অজানা অধ্যায়, হাসি, আবেগ ও শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাইখ সিরাজ জানান, “এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিয়েছি গবেষণায়। শুটিং শেষ হওয়ার পর দীর্ঘ সময় ব্যয় হয়েছে সম্পাদনায়। প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, প্রথম শোতে কী পেয়েছিলেন, কীভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে সিনেমায় গান গাওয়ার সুযোগ পান—এসবই এখানে তুলে ধরা হয়েছে। সাবিনা ইয়াসমিনের জীবন ও শিল্পীসত্তা আমাদের সংস্কৃতির ইতিহাস, যা আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।”

বিশেষ এই ডকুফিল্ম ‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’ প্রচারিত হবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আই-তে।