বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করল আইএসপিআর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

সম্প্রতি ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনে সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হলে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকরা বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন স্বায়ত্তশাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তবে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে।

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকছে না, দায়িত্ব পালন করবে বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনী।