গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, নিহত অন্তত ৬১


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর থেকে ইসরায়েলের বিমান ও গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৬১ জন। এর মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও চারজন প্রাণ হারিয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজধানী গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলই ছিল হামলার প্রধান লক্ষ্য। এদিকে, প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষে ঠাসা নগরকেন্দ্র গাজায় বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এতে ভয়াবহ প্রাণহানি ঘটতে পারে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, “গাজা নগরীতে অভিযান চালানো হলে লাখো মানুষ আবার বাস্তুচ্যুত হবে, পরিবারগুলো পড়বে চরম ঝুঁকিতে।” তিনি একে যুদ্ধের “নতুন ও ভয়াবহ অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন।

গাজার আকাশে ধোঁয়ার কালো মেঘ, মাটিতে শোকে স্তব্ধ মানুষ—নিরাপত্তার খোঁজে লাখো প্রাণ আজ আরও অনিশ্চয়তার মুখে।