অজান্তেই মানুষ প্রতিদিন ভেতরে নিচ্ছে এক ভয়ংকর বিষ—ক্ষুদ্র প্লাস্টিক কণা। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা বলছে, দৈনিক গড়ে একজন মানুষ শ্বাসের সঙ্গে শরীরে টেনে নিচ্ছে প্রায় ৬৮ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা।
চুলের ব্যাসের এক-সপ্তমাংশ আকারের এই অদৃশ্য কণাগুলো ফুসফুস ভেদ করে সরাসরি রক্তপ্রবাহে পৌঁছে যাচ্ছে। গবেষকরা সতর্ক করেছেন—এগুলো শরীরের টিস্যুতে ঢুকে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে সক্ষম।
তুলুজ বিশ্ববিদ্যালয়ের গবেষক নাদিয়া ইয়াকোভেনকোর ভাষায়, “আমরা যে মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পেয়েছি, তা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি এবং উদ্বেগজনক।”
খাদ্য, পানি ও বাতাস—সবকিছুতেই ছড়িয়ে থাকা এই মাইক্রোপ্লাস্টিক কণায় আছে প্রায় ১৬ হাজার রাসায়নিক উপাদান, যাদের অনেকগুলো সরাসরি মানবস্বাস্থ্যের জন্য বিষ। ভয়াবহ এই অদৃশ্য দূষণ প্লাসেন্টা থেকে মস্তিষ্ক পর্যন্ত ভেদ করে প্রবেশ করতে পারে, বাড়িয়ে তুলছে ফুসফুস প্রদাহ ও ক্যান্সারের ঝুঁকি।
এক অদৃশ্য শত্রু আমাদের প্রতিদিন ঘিরে রেখেছে—নিঃশ্বাসের সঙ্গেই প্রবেশ করছে শরীরে ধ্বংসের বীজ।
আপনার মতামত লিখুন :