উদ্বোধনের আগেই বাংলা একাডেমির লেখক ক্লাবে তালা, ‘দখলের চেষ্টা’


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলা একাডেমির নতুন উদ্যোগ ‘লেখক ক্লাব’ উদ্বোধনের আগেই জড়িয়ে পড়ল দখল-অভিযোগের নাটকে। অভিযোগ উঠেছে, জীবনসদস্য আকবর আলী সিরাজী কয়েকজনকে সঙ্গে নিয়ে ভবনের দ্বিতীয় তলায় নির্মাণাধীন এই কক্ষে নিজস্ব তালা ঝুলিয়ে দেন এবং চাবি বুঝিয়ে দেন নিরাপত্তাকর্মীর কাছে।

এ ঘটনায় একাডেমির ভেতরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। কর্মীরা বলছেন, এটি দখলের স্পষ্ট চেষ্টা। তবে সিরাজী দাবি করেছেন, তিনি নিজে তালা দেননি, বরং নিরাপত্তাকর্মীরাই দিয়েছেন।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাঁকে চিঠি দিয়ে ৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাইছে। তবে সিরাজীর ভাষ্য, কোনো চিঠি তিনি পাননি।

উদ্বোধনের আগেই তালার এই নাটক বাংলা একাডেমির অভ্যন্তরে অস্বস্তি বাড়িয়েছে, লেখক-সংস্কৃতিকর্মীদের মধ্যে ছড়িয়েছে নতুন বিতর্ক।