কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ সোনা-রূপার অলঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ সুপারসহ সেনা, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় সাড়ে চারশত মানুষ কঠোর নিরাপত্তায় টাকা গণনায় অংশ নিয়েছেন। জেলা প্রশাসক জানান, দিনভর গণনার পর সন্ধ্যায় মোট টাকার হিসাব জানা যাবে, তবে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মূল্য পরে নির্ধারণ করা হবে।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল একই দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল।
পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদের নামকরণ হয়েছে প্রায় পাঁচশত বছর আগে ঈশা খাঁর আমলের ‘পাগলা’ নামক এক ব্যক্তির নামানুসারে।
আপনার মতামত লিখুন :