রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে আশপাশে একদল লোক জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিচারের দাবিতে স্লোগান দিলে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
জিএম কাদেরের স্ত্রী ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের জানান, সকাল থেকেই বিভিন্ন ধরনের লোকজন তাদের বাসভবনের আশপাশে মিছিল করছে ও জড়ো হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও জানান, জিএম কাদের বর্তমানে বাসায় নেই এবং প্রশাসনের পক্ষ থেকে বাসায় কোনো বহিরাগত থাকতে দেওয়া হচ্ছে না।
এর আগে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদ ‘আওয়ামী লীগের দোসর’ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর রাতে জাপা কার্যালয়ের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনার জেরে গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :