জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে সংবাদ সম্মেলন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়। পরে সেখানে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ফানতাসির মাহমুদ অভিযোগ করেন, জাপা আওয়ামী লীগের সহযোগী বিরোধী দল হিসেবে কাজ করেছে এবং ভারতের পৃষ্ঠপোষকতায় পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এ জন্য জাপাকে তদন্তসাপেক্ষে নিষিদ্ধ এবং জি এম কাদেরকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানানো হয়। এ সময় আরও পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে অন্যতম নুরুল হকের ওপর হামলার বিচার ও পুলিশ সংস্কার কমিশন পুনর্বহাল।

সম্মেলন শেষে কুশপুত্তলিকা দাহ করে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের স্লোগান দেয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সমবেত হয় তারা। এর আগে কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন, যাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।