জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর কাকরাইলে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। একদল বিক্ষোভকারী ভবনটির নিচতলায় আগুন দেয় এবং ইট-পাটকেল ছুঁড়ে। পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় কার্যালয়ের সামনে টানানো পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবি ভাঙচুর করা হয়।

ঘটনার সময় দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান (২৫) এবং বাংলানিউজের ফটোসাংবাদিক জিএম মজিবর (৪৫) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বিপুলসংখ্যক পুলিশ কার্যালয়ের সামনে মোতায়েন থাকে।

জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জুবের আলম খান জানান, বিকেল ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ে দুটি প্রতিনিধিদলের সঙ্গে সাংগঠনিক আলোচনা শেষ হওয়ার পর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মী। উল্লেখ্য, এর আগে শুক্রবার কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ঘটে, যেখানে নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।