রাষ্ট্রপতির পদত্যাগে আল্টিমেটাম ঘোষণা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে জুলাইযোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘দ্য রেড জুলাই’।

শনিবার মধুর ক্যান্টিনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে সংগঠনটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে—অবিলম্বে পদত্যাগ করুন। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে দ্রুত গ্রেপ্তার ও দলের নিবন্ধন বাতিলের দাবি তুলেছে তারা।

সংগঠনের সদস্যসচিব মো. সজিব হোসাইন অভিযোগ করেন, “এই হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সরাসরি জড়িত। নেপথ্যে দায়ী রাষ্ট্রপতি ও সরকারের উপদেষ্টারা।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন— আল্টিমেটাম অমান্য হলে দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু হবে, যা গোটা জাতিকে জাগিয়ে তুলবে।

সভায় উপস্থিত ছিলেন রেড জুলাইয়ের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা, সংগঠক রোজা, সদস্য শান্ত এবং দক্ষিণের সদস্যসচিব রিদ্ধ।

👉 রেড জুলাইয়ের ঘোষণা স্পষ্ট—“রাষ্ট্রপতি সরে দাঁড়ান, নইলে রাজপথে দাবানল ছড়িয়ে পড়বে।”