চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ, উপ-উপাচার্য আহত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় শনিবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনসহ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হয় একটি ভাড়াবাসার নিরাপত্তারক্ষীর সঙ্গে একজন ছাত্রীর তর্কের পর। রাতভর দুই পক্ষ ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত রাখে।

প্রক্টর অধ্যাপক তানভীর মো. হায়দার আরিফ ফেসবুকে জানিয়েছেন, সহকারী প্রক্টর, নিরাপত্তা প্রধান ও শিক্ষার্থীরাও আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গাড়ি ও অন্যান্য সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও পরিস্থিতি কিছুটা শান্ত হতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়। উপ-উপাচার্য কামাল উদ্দিন জানান, রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।