চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি, ৫৫ জন আহত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় শিক্ষার্থী ও গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের পর রবিবার দুপুর থেকে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সোমবার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

১৪৪ ধারার আওতায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাঁচজনের বেশি একসঙ্গে অবস্থান করা বা চলাফেরাও সীমিত করা হয়েছে। আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক বহনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন; তাদের অধিকাংশ শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই শঙ্কামুক্ত।

সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার রাতে এক ছাত্রীর সঙ্গে ভাড়া বাসার নিরাপত্তারক্ষীর তর্ক-বিতর্ক ও হাতাহাতিকে কেন্দ্র করে। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা মুখোমুখি হয়ে ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে হামলায় জড়ায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এবং উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনও আহত হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।