জাতীয় পার্টি দিয়ে আ.লীগ ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। তিনি বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন জাতীয় পার্টির মাধ্যমে আ.লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে। এই দলটি অতীতে ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে।”

রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে তিনি এসব মন্তব্য করেন। এ সময় নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের আমলেও এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি, অথচ এ সরকারের আমলে ঘটেছে। এর দায় সরকারকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টিকে সমর্থন দেবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোও এমন প্রচেষ্টা বানচাল করতে তৎপর রয়েছে।

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে তিনি জানান, সরকার এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে।