চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের নাটকীয় জয়


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গিয়েছিল ভারত। আজকের ম্যাচটা ছিল নিয়মরক্ষার, কিন্তু সেটিই পরিণত হলো নাটকীয় লড়াইয়ে। ইনজুরি সময়ের শেষ মিনিটে করা গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে হারাল ভারতকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। পূর্ণিমা মারমা প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন। এরপর আলপী আক্তারের গোলে বিরতিতে ২-১ লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সুরভী আকন্দ প্রীতি ব্যবধান বাড়ালেও ভারতের চাপ সামলাতে গিয়ে দুই গোল খেয়ে ৮৮ মিনিটে সমতায় পড়ে লাল-সবুজরা।

তবে শেষ হাসি হাসে বাংলাদেশ। ইনজুরি সময়ে সুরভীর শট ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে পোস্টে লেগে জালে ঢুকে যায়। শেষ বাঁশি বাজতেই বাংলাদেশ আনন্দে ভাসে, আর ভারতীয় ফুটবলাররা কেঁদে মাঠ ছাড়েন।

আজকের জয়ের নায়ক সুরভী আকন্দ প্রীতি ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

চার দলীয় লিগ পদ্ধতির টুর্নামেন্টে ভারত ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে। বাংলাদেশ পেয়েছে ১৩ পয়েন্ট। ভুটানের বিপক্ষে ড্র না হলে শিরোপার লড়াই জমে যেতো হেড-টু-হেড ও গোল ব্যবধানে।