ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৮ রোগী ভর্তি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ডেঙ্গুর প্রভাবে দেশে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ৯৩ জন, ঢাকার বাইরের এলাকায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, দক্ষিণ সিটিতে ৮২ জন, খুলনায় ৪২ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ৩৯ জন এবং সিলেটে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে ৫৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৮৬৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।

একই সময়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।