জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াতের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জামায়তে ইসলামী জানিয়েছে, যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টিকেও নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনা রিসোর্টে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবি জানান।

তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। তাই আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৈঠকে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এর মধ্যে নায়েবে আমির তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ ছিলেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে।