জলবায়ু পরিবর্তন আর অনিয়ন্ত্রিত নগরায়নের ধাক্কায় বায়ুদূষণে ডুবছে বিশ্বের বড় বড় শহর। এর মধ্যেই আবারও শীর্ষ পাঁচ দূষিত নগরীর তালিকায় উঠে এলো ঢাকা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একিউআই স্কোর ছিল ১৪০—যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় দেখা যায়—
১৮০ স্কোর নিয়ে শীর্ষে উজবেকিস্তানের তাশখন্দ
১৫৯ স্কোরে কাতারের দোহা দ্বিতীয়
১৪৯ স্কোরে আজারবাইজানের বাকু তৃতীয়
১৪০ স্কোরে বাংলাদেশের ঢাকা চতুর্থ
আর ১৩৭ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা পঞ্চম স্থানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বায়ুদূষণ প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্ট থেকে শুরু করে ফুসফুসের ক্যানসার পর্যন্ত নানা প্রাণঘাতী রোগ ডেকে আনে দূষিত বাতাস।
বাংলাদেশে দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত হয়েছে—ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলা। শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য এ দূষণ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
পরিবেশবিদদের মতে, টেকসই নগর পরিকল্পনা, আধুনিক যানব্যবস্থা ও ইটভাটায় বিকল্প জ্বালানি ব্যবহার না হলে ঢাকার আকাশ শুদ্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
আপনার মতামত লিখুন :