বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য একেএম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ছয়দফা আল্টিমেটাম দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে, দাবিগুলো মানা না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন এবং ব্ল্যাক আউটের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ছয়দফার মধ্যে রয়েছে: হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার, হলগুলোতে সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়া, হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি এবং কম্বাইন্ড ডিগ্রি প্রদান।
এর আগে রোববার শিক্ষার্থীরা প্রায় দুইশ শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনায় বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ দশজন আহত হন। পরিস্থিতির তদারকিতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ অমান্য করে সকাল থেকে মিছিল শুরু করে এবং ক্যাম্পাসে ছয়দফার আল্টিমেটাম দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের নয়টি এবং মেয়েদের পাঁচটি হল রয়েছে, যেখানে সাড়ে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
আপনার মতামত লিখুন :