গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার সকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। নাক ও চোয়ালের ভাঙা হাড় সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। তবে চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন, যদিও খাওয়ার সময় কিছুটা ব্যথা অনুভব করছেন। চোখের রক্তজমাট সেরে যেতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান আরও বলেন, আঘাতের পর নুরের নাক থেকে রক্তক্ষরণ হয়ে শ্বাসনালীতে কিছু অংশ চলে গিয়েছিল, তবে এতে উদ্বেগের কিছু নেই।
এদিন সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন হাসপাতালে গিয়ে নুরের খোঁজখবর নেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, সুস্থ হওয়ার পর নুর হামলার ঘটনায় মামলা করবেন।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :