রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শত শত কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন রফিকুল ইসলাম। কিন্তু সেই ঋণ পরিশোধ না করে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে অর্থ বিনিয়োগ করেন তিনি।

তদন্তে বনানীর ১৭ নম্বর রোডে নির্মিত নয়তলা ভবন ‘হোটেল ইউনিক রিজেন্সি’ ও সমবায় ব্যাংকের কাছে জামানত রাখা প্রায় ৩৩ কোটি ৮১ লাখ টাকার সম্পদের সন্ধান মেলে। আদালতের নির্দেশে এসব সম্পদ ক্রোক ও অর্থ ফ্রিজ করে সিআইডি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানিয়েছে, মামলার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। বিদেশে পাচারকৃত অর্থের উৎস, জড়িত অন্যান্য ব্যক্তির পরিচয় ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।