এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

টানা দ্বিতীয় টি–টোয়েন্টিতে বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেট হাতে জেতার পর দ্বিতীয় ম্যাচে লিটনরা জিতলেন ৯ উইকেট হাতে রেখে, ৪১ বল আগেই।

১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস গড়েন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। পারভেজ ২৩ রান করে ফিরলেও, তানজিদ অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন ৪০ বলে—যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি। অধিনায়ক লিটন দাস ১৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে নেদারল্যান্ডস ১৭.৩ ওভারে গুটিয়ে যায় ১০৩ রানে। আরিয়ান দত্ত সর্বোচ্চ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নেন ৩ উইকেট, সঙ্গে মোস্তাফিজ ও তাসকিন নেন দুটি করে। দুর্দান্ত বোলিংয়ের জন্য নাসুম নির্বাচিত হন ম্যাচসেরা।

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ২–০ তে এগিয়ে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর টানা তৃতীয় টি–টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।