নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাবিব ইসলাম (২০) নামে এক শ্রমিক। আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত হাবিব সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং ইপিজেডের ইকো কোম্পানির কর্মী ছিলেন।
আহতদের মধ্যে সাতজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক ডা. আব্দুল মতিন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সকালে শ্রমিকরা ইপিজেড গেটে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর পর শ্রমিকরা সড়কে অবস্থান নিলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়।
এভারগ্রিন কর্তৃপক্ষের নোটিশে জানানো হয়েছে, টানা আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।
এদিকে নির্বাহী পরিচালক, পুলিশ সুপার ও ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :