লিওনেল মেসি ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন এক নতুন দ্বিধায়। আর্জেন্টিনার জার্সিতে হয়তো শেষ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচগুলোতে তাকে খেলানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির শরীর যেন ক্লান্ত। ইনজুরির কারণে গত তিন বছরে প্রায় ১৫০ দিন মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। আগের বিশ্বকাপ চক্রে যেখানে সংখ্যা ছিল অর্ধেকেরও কম। এ কারণেই আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট এখন অতিরিক্ত সতর্ক।
৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসে মেসি নামবেন মাঠে—এটা প্রায় নিশ্চিত। নিজের দেশের মাটিতে, হয়তো জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আবেগ নিয়ে মাঠে নামবেন তিনি। সেই ম্যাচের জন্য নাকি পরিবার ও আত্মীয়-স্বজন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মেসি।
কিন্তু আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ—ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ লড়াইয়ে মেসিকে বিশ্রাম দেওয়ার দাবি তুলেছে তার ক্লাব ইন্টার মিয়ামি। কারণ তাদের সামনে আছে মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ প্লে-অফ যাত্রা, সঙ্গে সাপোর্টার্স শিল্ড জয়ের সম্ভাবনাও। তাই ক্লাব কোনোভাবেই চাইছে না প্রিয় তারকাকে নিয়ে ঝুঁকি নিতে।
আর্জেন্টাইন সাংবাদিক ফার্নান্দো সিজের খবর অনুযায়ী, মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্কালোনিসহ পুরো কোচিং স্টাফ বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন। একদিকে দেশের জার্সি, অন্যদিকে ক্লাবের দায়িত্ব—এই দোলাচলে দাঁড়িয়ে আছেন সময়ের সেরা ফুটবল জাদুকর।
⚽ আর্জেন্টাইন ভক্তদের প্রশ্ন একটাই—ইকুয়েডর ম্যাচে কি দেখা যাবে মেসিকে, নাকি সেখানেই আঁধারে মিলিয়ে যাবে তার বাছাইপর্বের অধ্যায়?
আপনার মতামত লিখুন :