ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়মতো আয়োজনের পথে, কারণ হাইকোর্টের স্থগিতাদেশের ওপর আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ ১ সেপ্টেম্বর নির্বাচনের কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এরপর ঢাবি উপাচার্য চেম্বার জজের দ্বারস্থ হয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন (সিএমপি) দাখিল করেন। চেম্বার আদালত ওই আবেদন অনুমোদন করে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করে।
এদিকে, ডাকসু নির্বাচনে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোটের বিএম ফাহমিদা আলম রিট দায়ের করেন। রিটে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও কীভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
ডাকসু নির্বাচনে এবার মোট ৪৭১ প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং সদস্য পদে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী লড়বেন। ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।
আপনার মতামত লিখুন :