কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। অভিযান মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
আটকদের মধ্যে মিয়ানমারের ২৩৫, ভারতের ৫৮, নেপালের ৭২, ইন্দোনেশিয়ার ১৯ জন (পুরুষ ১৭, নারী ২) এবং অন্যান্য ৯ জন (পুরুষ ৩, নারী ৬) অন্তর্ভুক্ত।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিদেশিদের শনাক্ত করতে প্রায় নিয়মিত অভিযান চলে। আটককৃতদের মধ্যে ছিলেন বৈধ কাগজপত্রবিহীন, মেয়াদোত্তীর্ণ ভিসাধারী ও কাগজপত্রের অপব্যবহারকারীরা।
অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। অভিযান চলাকালীন কয়েকজন প্রবাসী লুকানোর চেষ্টা করেন বা ছাদে উঠেন, তবে সবাইকে শেষ পর্যন্ত আটক করা হয়।
এ সময় একটি অবৈধ জুয়ার কেন্দ্রও ধ্বংস করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ার আসর থেকে আটক করা হয়।
আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা অনুযায়ী তদন্ত চলছে। বাসরি ওথমান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হবে যে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশিকর্মী কোটা মেনে চলছেন।
আপনার মতামত লিখুন :