সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে উন্মোচিত হলো একঝাঁক নতুন ও আধুনিক সমরাস্ত্র। শুধু সামরিক শক্তির প্রদর্শনই নয়, বরং বৈশ্বিক অস্ত্রবাজারে বিপণন কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে এই আয়োজনকে।

কুচকাওয়াজে সবচেয়ে আলোচিত সমরাস্ত্রের মধ্যে ছিল দৈত্যাকার মানববিহীন ডুবোযান এজেএক্স০০টু, যা পানির ২০ মিটার গভীরে নামতে সক্ষম। প্রদর্শিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত স্টিলথ অ্যাটাক ড্রোন, আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র ডংফেং-৫, চার পা বিশিষ্ট রোবট উলফ, সাঁজোয়া ট্রাকে বসানো এলওয়াই-১ লেজার অস্ত্র এবং বহুল প্রতীক্ষিত ডংফেং-৬১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নৌ-শ্রেষ্ঠত্ব মোকাবিলায় ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীকে প্রধান অস্ত্র হিসেবে গড়ে তুলছে চীন। তাদের মতে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো এখন ক্ষেপণাস্ত্র হামলার সামনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে তাই চীনের এই সামরিক কুচকাওয়াজকে কেবল শক্তি প্রদর্শনের আয়োজন নয়, বরং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের এক স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে।