বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশে স্বর্ণের সর্বোচ্চ দাম: ভরিতে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু হলো আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। এক লাফে ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এর আগে ১ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং মাত্র ১৬ বার কমেছে। গত বছর ৬২ বার সমন্বয়ের মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্থির দাম এবং ডলারের চাপে দেশের বাজারে বারবার স্বর্ণের দাম বাড়ছে। এর ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু।