দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির শেষ ম‍্যাচ সবাইকে উপভোগ করতে বললেন আর্জেন্টিনা কোচ

আর্জেন্টিনায় মেসি এবং স্কালোনির শেষ ম্যাচ!


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আগামীকাল এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে নামছেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার মাটিতে এটিই হতে পারে তাঁর শেষ ম্যাচ। ফলে সমর্থকদের মাঝে বিরাজ করছে আবেগঘন বিদায়ী পরিবেশ।

আগামী বছর ৩৯ বছরে পা দেবেন মেসি, আর বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। তাই ঘরের মাঠে এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনায় চলছে বিশেষ প্রস্তুতি।

ম্যাচটি আর্জেন্টিনার জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও ভেনেজুয়েলার জন্য বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপের টিকিট ধরে রাখতে জয় জরুরি তাদের জন্য।

এদিকে, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসির কোনো উত্তরসূরি নেই। তাঁর ভাষায়, “মেসির বিকল্প কখনো হবে না। আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে তাঁর মতো আর কেউ আসবে না। হয়তো নতুন প্রজন্ম নিজেদের মতো করে ইতিহাস লিখবে, কিন্তু মেসি যা করেছে, তা অনন্য এবং অকল্পনীয়।”

ফলে আগামীকালের ম্যাচ শুধু মেসির নয়, স্কালোনির বিদায় সম্ভাবনার কারণেও আলোচনায় এসেছে। আবেগঘন এ ম্যাচকে তাই আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে বিশেষ অধ্যায় হিসেবে দেখছেন সবাই।