মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আনন্দ সাহা হাসপাতালে থাকার পরেও তাঁর বিয়ের লগ্ন মিস করতে চাননি। আহত অবস্থায় হাসপাতালে বিছানায় শুয়ে, হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়ে তিনি এবং তাঁর পরিবার হিন্দু ধর্মের নিয়ম মেনে বিয়ের আয়োজন করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের একটি খালি জায়গায় এই বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আনন্দ সাহার চাচাত ভাই অর্ণব সাহা জানান, দুর্ঘটনার ফলে আনন্দের হাত-পায়ের কয়েকটি জায়গা ভেঙে গেছে, কিন্তু বিয়ের লগ্ন আগে থেকেই নির্ধারিত ছিল। তাঁর পরিবার হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং রোগীর শারীরিক অবস্থার উন্নতির কথা মাথায় রেখে হাসপাতালের অব্যবহৃত স্থানেই বিয়ের আয়োজন করে। হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মণ্ডল বলেন, “রাত ১০টার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।”
বরের বাবা অরবিন্দ সাহা বলেন, “অনেক আগে থেকেই বিয়ের দিন এবং সময় ঠিক ছিল। তাই আমরা তারিখ পরিবর্তন করিনি। হাসপাতালে এমন আনন্দ হবে, ভাবতেই পারিনি।” আনন্দের পরিবার হাসপাতালের সহায়তায় এই বিশেষ দিনটি উদযাপন করতে পেরে কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :