রাজধানীতে ঝটিকা মিছিল

আ’লীগের সাবেক এমপিসহ আট নেতা–কর্মী গ্রেপ্তার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন (পাভেল) এবং অঙ্গসংগঠনের আরও সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন, পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি, বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম, বাউফলের সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান হাওলাদার, বংশালের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বাবলু, উত্তরা পূর্ব থানার যুবলীগ নেতা আল মামুন ভূঁইয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদ্দাম হোসেন শুধু ঝটিকা মিছিল সংগঠিত করতেন না, তিনি নাশকতার পরিকল্পনা ও অর্থায়নেও যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর মোহাম্মদপুর, মানিকদিয়া, পান্থপথ, নয়াবাজার, প্রেসক্লাব এলাকা, মালিবাগ ও কাকরাইলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।