:: নিজস্ব প্রতিবেদক ::
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা বা নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’-এর ব্যানারে একদল ব্যক্তি গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হকের দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় কবর থেকে তার লাশ তুলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডের নিকটে পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে অন্তত অর্ধশতজন আহত হন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে বলা হয়েছে, “এই অমানবিক ও বর্বরতা কোনো অবস্থাতেই সহ্যযোগ্য নয়। এটি আমাদের মূল্যবোধ, আইন ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।” সরকার আইনের শাসন বজায় রাখার এবং প্রতিটি মানুষের জীবনের মর্যাদা, মৃত্যুর পরও সুরক্ষিত রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ঘৃণ্য এই অপরাধে জড়িত সকলকে চিহ্নিত করে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির ঊর্ধ্বে নয়।”
সরকার দেশের নাগরিকদের সহিংসতা ও ঘৃণাকে প্রত্যাখ্যান করতে এবং ন্যায়, মানবতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :