রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজার মানুষকে আসামি করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার পর থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, জুমার নামাজ শেষে তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ থেকে দরবার শরীফে হামলা চালায়। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলের ভক্তরা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়।
ওসি আরও জানান, উত্তেজিত জনতা দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপরও হামলা চালানো হয়। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মারা যাওয়া নুরাল পাগল নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করতেন। তাকে মাটি থেকে উঁচু কবর ও কাবা শরিফের আদলে দাফন করা হলে তৌহিদী জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত হয়।
বর্তমানে দরবার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :