গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা

গাজায় নিহত ছাড়াল ৬৪ হাজার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে ৬৪ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৯ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪২২ জন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারে বাধার সম্মুখীন হচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ছয়জন এবং আহত হয়েছেন ১৯০ জনের বেশি। এভাবে ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৩৬২ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জন।

এছাড়া অনাহার ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত এ কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ২৪ লাখ মানুষের এই ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘ-সমর্থিত জরিপে ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং চলতি মাসের শেষ নাগাদ তা দক্ষিণেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। তখন থেকে অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।