কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮,৫০০ টাকা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থী নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফল একাদশ শ্রেণির ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখান থেকে লগইন করে পিডিএফ কপি ডাউনলোড করে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত কলেজে গিয়ে নিশ্চায়নের ভিত্তিতে ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ভর্তি শেষে একাদশ শ্রেণির ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে নির্বাচিত হয়েছেন, তারাও অনলাইনে কপি ডাউনলোড করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন।

চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী, ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮,৫০০ টাকা। এটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় ইংরেজি ভার্সনের নন-এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৫,০০০ টাকা (ঢাকায় ইংরেজি ভার্সনে)। উপজেলা ও মফস্বলে ভর্তির ফি সর্বনিম্ন, যেখানে বাংলা ভার্সনের ক্ষেত্রে দেড় হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।