টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ১৪৪ ধারা জারি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর শহরের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে, টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় অবস্থিত তার বাসভবনে। ওই ভবনের নিচের দুই তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’ এবং ওপরতলায় কাদের সিদ্দিকীর বসবাস। হামলার সময় তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বাসার কর্মচারীদের বরাতে জানা যায়, রাত একটার দিকে ১০-১৫ জনের মুখোশধারী একটি দল বাসার গেটের ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুঁড়ে আক্রমণ চালায়। কিছু হামলাকারীর মুখ বাঁধা ছিল এবং কয়েকজন হেলমেট পরা অবস্থায় ছিল। এলাকাবাসী ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল থানার ওসি তানবীর আহমেদ।

এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাদের সিদ্দিকীর। তবে একই সময় ‘ছাত্র সমাজ’ নামের একটি সংগঠনও একই স্থানে ছাত্র সমাবেশের ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।