বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক আয়োজনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিল্পীকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
অনুষ্ঠানে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, আমাদের গৌরব। তার অবদানের কথা বললে এক সন্ধ্যা কেটে যাবে। সংস্কৃতি মন্ত্রণালয় গর্বিত এমন একজন গুণীকে সম্মান জানাতে পেরে।” অনুষ্ঠানে শিল্পীকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেন বরেণ্য সংগীতশিল্পীরা—ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা ও আগুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, এবং শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “যার গান শুনে আমরা সময়কে অতিক্রম করেছি, হৃদয়ে রেখেছি বাংলা গানের আত্মা—তিনি আমাদের চিরসবুজ পাখি, সাবিনা ইয়াসমিন।”
আপনার মতামত লিখুন :