প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকাল ১০টায় তার মরদেহ শহীদ মিনারে আনা হলে সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক ও শিক্ষাবিদরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চিন্তক ফরহাদ মজহার বলেন, “বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার পদচিহ্ন থেকে অনেক কিছু শেখা যাবে।” সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, “তার বিদায়ে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হলো। তিনি ছিলেন দৃঢ়চেতা, আদর্শবাদী ও আপসহীন ব্যক্তিত্ব।”
শহীদ মিনারে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোক নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :