ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনের দিন মোট ২,০৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, গত ১০ দিন ধরে ক্যাম্পাসের নিরাপত্তা ভালো ছিল, নির্বাচনের দিনও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে।
তিনি আরও জানান, আজ সোমবার এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। আগামীকাল নিরাপত্তা বাড়িয়ে আরও পুলিশ যোগ করা হবে। এ ছাড়া ক্যাম্পাস এলাকায় সোমবার রাত ৮টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কমিশনার সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্যাম্পাস নিরাপত্তার চাদরে আচ্ছাদিত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।”
তিনি আশ্বস্ত করে বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :