বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে এখনও ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “ভিন্ন দলের ভিন্ন মত থাকবেই, তবে আগামীতে দেশকে কারা নেতৃত্ব দেবে, সেটি জনগণই নির্ধারণ করবে।”
তিনি আরও জানান, গণতন্ত্রের রেললাইনে না ওঠা পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। এ জন্য তৃণমূলকে সংগঠিত করা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেন তিনি।
সম্মেলনে সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কোনো অপশক্তি যেন গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেজন্য সবাইকে একজোট থাকতে হবে।” তিনি অভিযোগ করেন, যারা অতীতে দেশকে অস্থিতিশীল করেছে, তারা এখনও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে।
এদিকে জেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে মির্জা ফয়সল আমীন সভাপতি এবং পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোটে পাঁচ উপজেলা ও তিন পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর অংশ নেন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা হবে।
আপনার মতামত লিখুন :