ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম শিবলী (৪০) নামের এক সিনিয়র সাংবাদিক মারা গেছেন। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাবি কার্জন হলের ভিতরে লাইভ সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, “দুপুরের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।” চ্যানেল এস ফেইসবুকে এক ফটো কার্ডে জানানো হয়েছে, সংবাদ সংগ্রহের সময় তিনি ‘স্ট্রোক’ করে মারা গেছেন।
শিবলীর সহকর্মী সোহেল রানা বলেন, লাইভ সংবাদ সংগ্রহের সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়, বর্তমানে তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন সাংবাদিক মারা গেছেন, খবরটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
আপনার মতামত লিখুন :